সম্প্রতি, ‘মোহাম্মদপুরে বলাৎকারেরশিকার দুদকের মহাপরিচালক: খোয়ালেন আইফোনসহ নগদ টাকা’ শিরোনামে সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দুদকের মহাপরিচালককে জড়িয়ে বাংলা ট্রিবিউনও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, বাংলা ট্রিবিউনের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের লোগো, ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘৮ মার্চ, ২০২৬’ এর উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গত ৮ মার্চ কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে গত ০৮ মার্চ ‘মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুদকের মহাপরিচালক: খোয়ালেন আইফোনসহ নগদ টাকা’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বাংলা ট্রিবিউনের ফটোকার্ডটিতে ‘মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুদকের মহাপরিচালক: খোয়ালেন আইফোনসহ নগদ টাকা’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘মোহাম্মদপুরে বলাৎকারেরশিকার দুদকের মহাপরিচালক: খোয়ালেন আইফোনসহ নগদ টাকা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, বাংলা ট্রিবিউনের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত বাংলা ট্রিবিউনের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর মহাপরিচালক মো. মোতাহার হোসেন। শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের ফুটপাতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তাকে মারধর করে আহত করেছে।
সুতরাং, ‘মোহাম্মদপুরে বলাৎকারেরশিকার দুদকের মহাপরিচালক: খোয়ালেন আইফোনসহ নগদ টাকা’ শিরোনামে বাংলা ট্রিবিউনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Bangla Tribune- Facebook Post


