এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে জামায়াত আমীরের নামে চ্যানেল২৪ এর সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি অনলাইনে ‘আমাকে কেউ যদি আর গুপ্ত বলে তাহলে এর চেয়ে জঘন্য ও নিকৃষ্ট নারী বিদ্বেষী পোস্ট করবো। জামাত-শিবির মিলে যুক্তিহীন তথ্য প্রমাণ হাজির করে বিএনপির ঘাড়ে চাপিয়ে দেবো। আমাদের একটি মাত্র পরিকল্পনা এমন সব কথা বলে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। সস্তা কিছু মিডিয়াকে ব্যবহার করে আলোচনায় আসা।’ শীর্ষক মন্তব্য জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান করেছেন দাবিতে চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। 

উক্ত ফটোকার্ড সংবলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে জড়িয়ে চ্যানেল২৪ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে এবং চ্যানেল২৪ এর ফেসবুক পেজ বিশ্লেষণ করে ভিন্ন আরেকটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। গত ০১ ফেব্রুয়ারী প্রকাশিত সেই ফটোকার্ডের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির উল্লেখযোগ্য অংশে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর লোগো, ডিজাইন মূল ফটোকার্ডের সঙ্গে মিল আছে। এছাড়া ফটোকার্ডে থাকা ডা. শফিকুর রহমানের ছবিরও মিল আছে। তবে মিল দেখা যায়নি, ফটোকার্ডে ব্যবহৃত মন্তব্য এবং বাক্যে ব্যবহৃত ফন্ট।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, চ্যানেল২৪ এর উল্লিখিত ফটোকার্ডটি সম্পাদনা করেই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত চ্যানেল২৪ এর ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ডা. শফিকুর রহমানের উদ্ধৃত করে বলা হয়, ‘আমার অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোষ্ট করেছে। যারা মায়েদের সম্মান করে না তারা এখন মিছিল করছে। ইতর শ্রেণি না হলে কেউ এ কাজ করে।ওদের দুষ্কর্মের কারণে যেসব মায়েরা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। বলেন,মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে। মায়ের ছেলেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। উই ওয়ান্ট জাস্টিস বলে যে যুবক-যুবতীরা রাস্তায় এসেছিলো তারা কাউকে ছেড়ে কথা বলবে না।’ গত ১ ফেব্রুয়ারি দুপুরে শেরপুরে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সুতরাং, এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে জামায়াত আমিরের মন্তব্য দাবিতে চ্যানেল২৪ এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: