মানুষ খাওয়ার জন্য টেবিলে সাজিয়ে রাখার দৃশ্য দাবিতে ছড়ানো হচ্ছে অভিনয়ের দৃশ্য

২০১৯ সালে কারাগারে মৃত্যুবরণ করা দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টিন-সংক্রান্ত বিপুল পরিমাণ নথি, ভিডিও ও ছবি সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে। এসব তথ্য ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
এই প্রেক্ষাপটে, কয়েকটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে সেগুলো মানুষ রান্না করে খাওয়ার জন্য টেবিলে সাজিয়ে রাখার দৃশ্য।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এগুলো ২০০৭ সালে মার্কিন চলচ্চিত্র নির্মাতা ইলি রথের তৈরি ‘থ্যাঙ্কসগিভিং’ নামের একটি নকল বা মক ট্রেলারের সঙ্গে সম্পর্কিত। এসব ছবির সঙ্গে এপস্টিন ফাইলেরও কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে ‘দ্য হরোরস অফ হলোয়িন’ নামের একটি ওয়েবসাইটে ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশিত একটি নিবন্ধ পাওয়া যায়। সেখানে আলোচিত ছবিগুলোর সংযুক্তি রয়েছে। নিবন্ধে উল্লেখ করা হয়েছে, ছবিগুলো ২০০৭ সালে ইলি রথের তৈরি একটি নকল বা মক ট্রেলারের অংশ। ওই ট্রেলারটি তিনি কুয়েন্টিন টারান্টিনো ও রবার্ট রদ্রিগেজের ‘গ্রাইন্ডহাউস’ চলচ্চিত্রের জন্য তৈরি করেছিলেন।
এছাড়া, চলচ্চিত্র-সংক্রান্ত তথ্যভান্ডার আইএমডিবি-এর ওয়েবসাইটে এ বিষয়ে একটি নিবন্ধ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, এটি হলিডে স্ল্যাশার ঘরানার চলচ্চিত্রের ট্রেলারের একটি প্যারোডি। পাশাপাশি, ইউটিউবে থাকা ওই নকল বা মক ট্রেলারের ভিডিওতে আলোচিত ছবিগুলোর সঙ্গে মিল থাকা দৃশ্যও দেখা যায়।
আরও অনুসন্ধানে দ্য হলিউড রিপোর্টার নামের একটি বিনোদনবিষয়ক ম্যাগাজিনের ওয়েবসাইটে ইলি রথের একটি সাক্ষাৎকার পাওয়া যায়। সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি থ্যাঙ্কসগিভিং-থিমের একটি স্ল্যাশার চলচ্চিত্র বানানোর কথা ভাবছিলেন। ২০০৭ সালে তৈরি ওই নকল বা মক ট্রেলারটি তখন কেবল একটি প্যারোডি হিসেবেই বানানো হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে দর্শকদের আগ্রহ ও দাবির কারণে সেই ধারণার ওপর ভিত্তি করে গল্প গড়ে তোলা হয় এবং শেষ পর্যন্ত ২০২৩ সালে ‘থ্যাঙ্কসগিভিং’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পায়।
এছাড়া, আলোচিত ছবিগুলোর সঙ্গে এপস্টিন ফাইলের কোনো সম্পর্কও পাওয়া যায়নি।
সুতরাং, অভিনয়ের দৃশ্যকে মানুষ রান্না করে খাওয়ার জন্য টেবিলে সাজিয়ে রাখার দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Horrors of Halloween: Watch Eli Roth’s THANKSGIVING (2007) on VHS + Poster Collection, Set Photos & Pilgrim Figure
- IMBb: Thanksgiving
- My Horror Movie Trailers: Thanksgiving (2007) (Trailer HD) – Eli Roth
- The Hollywood Reporter: How ‘Thanksgiving’ Director Eli Roth Turned a Fake Trailer Into His Best-Reviewed Movie

