অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর দাবিটি ভুয়া

সম্প্রতি, অভিনেত্রী তানিয়া বৃষ্টি মৃত্যু বরণ করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ‘মারা গেলেন তানিয়া বৃষ্টি’ লেখা যমুনা টিভির লোগো সংবলিত একটি থাম্বনেইল ব্যবহার করে এ সংক্রান্ত দাবির ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে। তবে যমুনা টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। তানিয়া বৃষ্টির ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তানিয়া বৃষ্টির মতো পরিচিত ব্যক্তির মৃত্যু ঘটলে তা দেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা। তবে দেশের কোনো গণমাধ্যমেই এ বিষয়ে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হতে নির্মাতা সকাল আহমেদের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, তানিয়া বৃষ্টি সুস্থ আছেন এবং বর্তমানে বাসায় অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন হয়। ১৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বাসায় ফেরেন। মূলত এ ঘটনার প্রেক্ষিতেই অভিনেত্রীর মৃত্যুর দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সুতরাং, অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর দাবিটি ভুয়া।

তথ্যসূত্র

Share: