‘তারেক রহমান অনুমতি দিলে খালেদা জিয়ার ভূমিকায় অভিনয় করতে চাই’ শীর্ষক মন্তব্য করেননি তিশা

সম্প্রতি, অভিনেত্রী ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা ‘তারেক রহমান অনুমতি দিলে খালেদা জিয়ার ভূমিকায় অভিনয় করতে চাই, বেগম খালেদা জিয়ার বায়োপিকে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক রহমান অনুমতি দিলে খালেদা জিয়ার ভূমিকায় অভিনয় করতে চাই’ এমন কোনো মন্তব্য করেননি নুসরাত ইমরোজ তিশা। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, নুসরাত ইমরোজ তিশার ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখলেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। তার মতো আলোচিত ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হতো। কিন্তু এই বিষয়ে কোনো সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি।

অর্থাৎ, নুসরাত ইমরোজ তিশার নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

ছবি যাচাই

আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত নুসরাত ইমরোজ তিশার ছবিটি যাচাই করে রিউমর স্ক্যানার। প্রচারিত ছবিটি পর্যবেক্ষণে দেখা যায়, ছবিতে অস্বাভাবিকতা রয়েছে, যা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি বিষয়ে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে এআই-তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

অর্থাৎ, ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি।

সুতরাং, তারেক রহমান অনুমতি দিলে নুসরাত ইমরোজ তিশা খালেদা জিয়ার ভূমিকায় অভিনয় করতে চান দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট এবং ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

Share: