পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে কয়েক দিন ধরে থেমে থেমে সংঘর্ষ চলছিল। এরই মধ্যে ২৭ ফেব্রুয়ারি ভোরে পাকিস্তান কাবুলসহ কান্দাহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়, এতে হতাহতের ঘটনাও ঘটে। উভয় পক্ষই সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দায়ী করছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পরিস্থিতিকে “প্রকাশ্য যুদ্ধ” হিসেবে উল্লেখ করেছেন।
এই প্রেক্ষাপটে আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ইসলামাবাদ শহরের অবস্থা দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইসলামাবাদ শহরের নয়। প্রকৃতপক্ষে এটি মিশরের কায়রোতে এক মাস আগে সংঘটিত অগ্নিকাণ্ডের দৃশ্য।
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ‘ten dots’ নামের একটি ফেসবুক পেজে গত ২৯ জানুয়ারি প্রকাশিত ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও পাওয়া যায়। পর্যালোচনায় দেখা যায়, ওই ভিডিওর প্রায় ২৫ সেকেন্ডের একটি খণ্ডিত অংশ নিয়েই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

ভিডিওটির ক্যাপশনে আরবি ভাষায় উল্লেখ করা হয়েছে, এটি কায়রোর মানশিয়াত নাসের এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য।
এছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের আরবি সংস্করণে সেদিন প্রকাশিত একটি ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওটির দৃশ্যগত মিল পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, কায়রোর মানশিয়াত নাসের এলাকায় আগুনে তিনটি বাড়ি পুড়ে গেছে।
পরবর্তীতে মিশরের অনলাইন সংবাদমাধ্যম ‘Youm7’-এ গত ২৯ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে জানা যায়, কায়রোর মানশিয়াত নাসের এলাকার আল-জারায়েব অঞ্চলে আবর্জনা সংরক্ষণের জন্য ব্যবহৃত তিনটি বাড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিবেদনে সংযুক্ত ঘটনার একাধিক ছবির সঙ্গে আলোচিত ভিডিওটির দৃশ্যগত মিল পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি এক মাস আগে মিশরের কায়রোয় সংঘটিত অগ্নিকাণ্ডের।
সুতরাং, মিশরের অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিওকে পাকিস্তানের ওপর আফগানিস্তানের হামলার পর ইসলামাবাদ শহরের অবস্থা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- ten dots – Facebook Post
- اندبندنت عربية – Facebook Post
- Youm7 – إخماد حريق داخل 3 منازل فى منشأة ناصر دون إصابات.. صور


