মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের জাশির সশস্ত্র প্রশিক্ষণ দাবিতে আফগানিস্তানের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সশস্ত্র জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসুবকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের সশস্ত্র জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার ঘটনার নয়। এছাড়াও উক্ত ভিডিওটির সাথে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, আফগানিস্তানে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট বা আইএসআইএল এবং তালেবানের আধিপত্য বিস্তার নিয়ে ২০১৫ সালে আল জাজিরায় প্রচারিত একটি ডকুমেন্টারির ফুটেজকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ২ নভেম্বর ISIL and the Taliban | Featured Documentary শিরোনামে প্রচারিত একটি ডকুমেন্টারি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ডকুমেন্টারিটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটির ৪৬ মিনিট ২৮ সেকেন্ড থেকে দেখতে পাওয়া ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। উভয় ভিডিওতেই একই শিশুকে মুখে কালো কাপড় পরিহিত ব্যক্তি কর্তৃক পিস্তল চালানোর প্রশিক্ষণ দিতে দেখা যায়। মূলত উক্ত ডকুমেন্টারির এই ফুটেজটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ক্রপ করে তা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি মূলত আফগানিস্তানে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট বা আইএসআইএল এবং তালেবানের আধিপত্য বিস্তার নিয়ে তৈরি করা একটি ডকুমেন্টারি। ভিডিওর আলোচিত ওই অংশে দেখানো হচ্ছে কীভাবে ‍উক্ত সংগঠনগুলো শিশুদের ব্রেইনওয়াশ করে তাদের জঙ্গি হতে উদ্বুদ্ধ করে।

পুরো ডকুমেন্টারিটি বিশ্লেষণ করে এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বিষয়ে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ, আলোচিত ভিডিওটির সাথে বাংলাদেশেরই কোনো সংশ্লিষ্টতা নেই।

সুতরাং, আফগানিস্তানে তালেবান ও আইএসআইএলের শিশুদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়ার পুরোনো ভিডিওকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মাদ্রাসা শিক্ষার্থীদের জামাত-শিবিরের নেতাকর্মীদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: