ভারতের সংসদে শুভেন্দু অধিকারীর ওপর জুতা নিক্ষেপের দৃশ্য দাবিতে আফগানিস্তানের সংসদের পুরোনো ভিডিও প্রচার

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতে সংসদে মুসলমান নিয়ে কটুক্তি করলে জুতা নিক্ষেপ করে, সুবিন্দু ভিকারীর উপর মুসলিম এমপি নারী সাংসদ’।
অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি সম্প্রতি ভারতের সংসদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর জুতা নিক্ষেপের দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি ভারতের সংসদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর জুতা নিক্ষেপের দৃশ্যের নয়। বরং, ২০১১ সালে আফগানিস্তানের সংসদে ঘটা মারামারির পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Jalal ibn Sa’eed Mohabbat’ নামক একটি ইউটিউব চ্যানেলে ২০১১ সালের ৭ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। ইউটিউব ভিডিওতে এটি আফগানিস্তানের সংসদে নারীদের মারামারির দৃশ্য বলা হয়েছে।

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ এর ওয়েবসাইটে ২০১১ সালের ৬ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি স্থিরচিত্রেরও সংযুক্তি পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল রয়েছে। ঘটনার বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান থেকে আফগানিস্তানে সেসময় রকেট হামলার ঘটনা নিয়ে সংসদে চলমান এক বিতর্কের সময় এই ঝামেলার সূত্রপাত হয়। সাবেক সেনা জেনারেল ও তৎকালীন সংসদ সদস্য নাজিফা জাকি তার সহকর্মী তৎকালীন সংসদ সদস্য হামিদা আহমাদজাইয়ের দিকে জুতো ছুঁড়ে মারেন এবং এর জবাবে হামিদা আহমাদজাইও তার দিকে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারেন।
প্রতিবেদনটিতে ঘটনার প্রেক্ষাপটের বিষয়ে আরো বল হয়েছে, ২০১১ সালের ৫ জুলাই (মঙ্গলবার) প্রেসিডেন্ট কারজাইয়ের সমর্থক এবং বিরোধীরা যখন একে অপরকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য ও চিৎকার-চেঁচামেচি করছিলেন, ঠিক তখনই এই হাতাহাতির ঘটনা ঘটে। সংসদের অত্যন্ত বিতর্কিত একটি বিষয়, পাকিস্তানি ভূখণ্ড থেকে আসা রকেট ও কামানের গোলা হামলার বিষয়ে একদল সংসদ সদস্য যখন প্রেসিডেন্টকে তলব করতে চাচ্ছিলেন, তখন এই ঘটনার সূত্রপাত হয়। আহমাদজাই দেশের দুজন ভাইস প্রেসিডেন্টকে তলব করার দাবি জানালে জেনারেল জাকি চরম ক্ষুব্ধ হন।
এছাড়াও, এ বিষয়ে সেসময় ভারতীয় মূলধারার সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ এর ওয়েবসাইটেও সংবাদ প্রকাশ হতে দেখা যায়। এনডিটিভির প্রতিবেদনেও একইরকম তথ্যের উল্লেখ পাওয়া যায়।
অর্থাৎ, উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি ২০১১ সালে আফগানিস্তানের সংসদে ঘটা মারামারির দৃশ্য।
সুতরাং, ২০১১ সালে আফগানিস্তানের সংসদে ঘটা মারামারির দৃশ্যকে সম্প্রতি ভারতের সংসদে শুভেন্দু অধিকারীর ওপর জুতা নিক্ষেপের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Jalal ibn Sa’eed Mohabbat – YouTube Video
- BBC News – Afghan parliament boycotted after two female MPs brawl
- NDTV – Women Afghan MPs fight, water bottle thrown
- Rumor Scanner’s analysis

