জুনাইদ আহমেদ পলকের জামিন পাওয়ার তথ্যটি ভুয়া

সম্প্রতি, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জামিন পেয়েছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে একটি ভিডিও প্রচার হতেও দেখা যায়। দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুনাইদ আহমেদ পলক জামিনে মুক্তি পাননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া, উক্ত দাবিতে প্রচারিত ভিডিওগুলোও পুরোনো ও ভিন্ন ঘটনার।

জুনাইদ আহমেদ পলক জামিনে মুক্তি পেলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়াটা স্বাভাবিক। কিন্তু, এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে জুনাইদ আহমেদ পলকের জামিন পাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ১০ ডিসেম্বর ‘‘জাতীয় সংগীত গাওয়ায় কারাগারে পলককে দেওয়া বিশেষ সুবিধা বন্ধ’’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়া। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১০ ডিসেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার আসামি সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের মামলায় অভিযোগ গঠনের শুনানিতে পলকের আইনজীবী এম. লিটন আহমেদ জানান, পলক কারাগারে থাকাবস্থায় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করাসহ টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন। কিন্তু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং জাতীয় সংগীত গাওয়ার কারণে তিনি এখন আর তা পাচ্ছেন না।

অথাৎ, এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে জুনাইদ আহমেদ পলক এখনো কারাগারেই আছেন।

এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ফুটেজ দুইটির বিষয়েও পৃথকভাবে অনুসন্ধান করেছে রিউমর স্ক্যানার টিম।

ফুটেজ যাচাই-১

অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে গত ২০ এপ্রিল প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। 

উক্ত ভিডিওতে দেখা যায়, গত ২০ এপ্রিল জুনাইদ আহমেদ পলক ট্রাইবুনালে হাজিরা দিয়ে বের হওয়ার সময় হাতের ইশারা করেন।

ওইদিন উক্তি ভিডিওটি একই তথ্যে প্রকাশ করেছিল আরও কয়েকটি গণমাধ্যম। দেখুন– দেশ রূপান্তর, দেশ টিভি, ইত্তেফাক এবং যমুনা টিভি

ফুটেজ যাচাই-২

অনুসন্ধানে সংবাদ ভিত্তিক অনলাইন গণমাধ্যম দ্য ঢাকা নিউজের ফেসবুক পেজে গত ২০ এপ্রিল প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবির মিল রয়েছে। 

উক্ত ভিডিও থেকে জানা যায়, এটিও ট্রাইবুনালে পলকের হাজিরা দিয়ে বের হওয়ার সময়কার ভিডিও।

ওইদিন উক্তি ভিডিওটি একই তথ্যে প্রকাশ করেছিল আরও কয়েকটি গণমাধ্যম। দেখুন– গ্লোবাল টিভি, দৈনিক সকালের সময়

অর্থাৎ, ভিডিও দুইটির সাথে জুনাইদ আহমেদ পলকের জামিন পাওয়ার কোনো সম্পৃক্ততা নেই।

সুতরাং, জুনাইদ আহমেদ পলকের জামিন পাওয়ার দাবিটি দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: