বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসিতে আগুন লেগেছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমের সংবাদ দেখুন এসএ টিভি (ফেসবুক)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিটিআরসি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, দমকল বাহিনী দ্বারা বিটিআরসি’র কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণে ফায়ার ড্রিলের ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত ২০ নভেম্বরের প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ‘আগুন লেগেছে’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ড আসলে একটি ফায়ার ড্রিলের অংশ। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুই দিনব্যাপী কর্মশালায় এই প্রশিক্ষণ পরিচালনা করেছেন।
বিটিআরসির মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন রিলেশন বিভাগের উপ-পরিচালক মো. জাকির হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করে রিউমর স্ক্যানারকে জানান, ১৯ ও ২০ নভেম্বর এই প্রশিক্ষণ কর্মসূচী হয়েছে।
অর্থাৎ, বিটিআরসি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেনি।
সুতরাং, ফায়ার ড্রিলের ঘটনাকে আগারগাঁও বিটিআরসি ভবনে আগুন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Dhaka Post: বিটিআরসিতে আগুন নয়, ছিল ফায়ার ড্রিল


