ফারজানা সিথির চুম্বনের দৃশ্য দাবিতে এআই তৈরি ভিডিও প্রচার 

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অ্যাক্টিভিস্ট ও মডেল ফারজানা সিথির চুম্বনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।.

এ দাবিতে ফেসবুকে প্রকাশিত পোস্টটি দেখুন: এখানে

ইনস্টাগ্রামে প্রকাশিত একই দাবির পোস্ট দেখুন: এখানে

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফারজানার সিথির চুম্বনের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে এটি তৈরি করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Comedy Man’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ৬ এপ্রিল প্রকাশিত একটি ভিডিওতে ‘নিখাদ খবর’ লেখা একটি বুমের সামনে ফারজানা সিথিকে “কি চান আপনারা, কি চান?” বলতে শোনা যায়। আলোচিত ভিডিওর অন্যান্য বিষয়বস্তুর সঙ্গে এই ভিডিওর হুবহু মিল থাকলেও, এতে চুম্বনের কোনো দৃশ্য দেখা যায়নি।

পরবর্তীতে, অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলাদেশ টাইমস’ এর ফেসবুক পেজে ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত ৭ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিওর ২ মিনিট ১৯ সেকেন্ডে ফারজানা সিথিকে পুলিশকে উদ্দেশ করে একইভাবে “কি চান আপনারা, কি চান?” বলতে শোনা যায়। তবে, পুরো ভিডিও পর্যবেক্ষণ করেও চুম্বনের কোনো দৃশ্য দেখা যায়নি।

এছাড়া, জাতীয় দৈনিক যায়যায়দিনের ওয়েবসাইটে ওইদিন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আয়োজিত পদযাত্রায় পুলিশের বাধার মুখে ফারজানা সিথিকে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে এসে বাধার সম্মুখীন হয়।

আলোচিত ভিডিও বিশ্লেষণ করে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের একাধিক লক্ষণ ধরা পড়ে। যেমন: ফারজানার পাশে থাকা ব্যক্তির হাতে থাকা সেলফি স্টিকটি একটি ফ্রেমে অস্বাভাবিকভাবে লাঠির মতো রূপ নেয়। আবার, সাংবাদিকের বুমে থাকা ‘নিখাদ খবর’ লেখাটি বিকৃতভাবে প্রদর্শিত হয়। এ ধরনের ভিজ্যুয়াল বিকৃতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ভিডিওগুলোতে প্রায়ই দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মোডারেশনে পরীক্ষা করা হয়। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি হওয়ার সম্ভাবনা ৮২ শতাংশ। 

সুতরাং, এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভিডিওকে ফারজানা সিথির চুম্বনের আসল দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: