নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকের দাবিতে এআই-সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দেশটির বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটি বৈঠক করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে। প্রচারিত ছবিতে শেখ হাসিনার সাথে বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহকেও দেখতে পাওয়া যায়।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকের ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ভারতের একটি পুরোনো কেবিনেট মিটিংয়ের ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাতে শেখ হাসিনা ও সাদিক আব্দুল্লাহর ছবি যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার কোনো বৈঠকের তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে উক্ত দাবিতে প্রচারিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে একই দাবির একটি পোস্টে ছবির নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপও লক্ষ্য করা যায়। এ থেকে ধারণা করা যাচ্ছে, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

তাই প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

পরবর্তীতে ছবিটির বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে দেখা যায়, এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কেবিনেট মিটিংয়ের ছবি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে। 

জানা যায়, ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দেশটির পক্ষ থেকে পরিচালিত অপারেশন সিন্দুরের পর এই কেবিনেট মিটিং আয়োজন করেন নরেন্দ্র মোদি।

সুতরাং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার বৈঠকের দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: