নারীকে সাদিক কায়েমের জড়িয়ে ধরার ছবি দাবিতে এআই সম্পাদিত ছবি

সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম একজন নারীকে জড়িয়ে ধরে আছেন দাবিতে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে দেখা যায়। ছবিটিতে সাদিক কায়েমকে হিজাব পরিহিতা একজন নারীকে জড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হিজাব পরিহিতা নারীকে সাদিক কায়েমের জড়িয়ে ধরার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, সাদিক কায়েম ও ছবিতে দেখতে পাওয়া ওই নারীর একটি স্বাভাবিক ছবিকে এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো পর্যালোচনা করে ছবির নিচের ডানকোণে গুগলের এআই অ্যাসিস্টেন্ট জেমিনির লোগো দেখতে পাওয়া যায়। যা সাধারণত উল্লিখিত এআই প্রযুক্তি ব্যবহার করে কোনো ছবি তৈরি বা সম্পাদনা করে থাকলে সেগুলোতে ওয়াটারমার্ক হিসেবে উপস্থিত থাকে।

প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

অর্থাৎ, হিজাব পরিহিতা নারীকে সাদিক কায়েমের জড়িয়ে ধরার ছবিটি আসল নয়।

পরবর্তীতে ছবিটির বিষয়ে অধিকতর অনুসন্ধানে Sumaiya Banna নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই স্থানে একই পোশাকে সাদিক কায়েম ও আলোচিত ওই নারীর একটি স্বাভাবিক ছবি প্রচারিত হতে দেখা যায়। এছাড়াও তার প্রোফাইলে সাদিক কায়েমের কাছ থেকে উপহার পাওয়া আরেকটি ছবিও খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিতেও তাদের একই স্থানে একই পোশাকে দেখতে পাওয়া যায়। তবে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মতো অবস্থায় ধারণ করা কোনো ছবির সন্ধান পাওয়া যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত ছবিগুলো ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এছাড়াও তারসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় আপত্তিকর ছবি তৈরি করার প্রসঙ্গে তার করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতেও তিনি আলোচিত ছবিটি নিয়ে আলাপ করেন।

সুতরাং, হিজাব পরিহিতা নারীকে সাদিক কায়েমের জড়িয়ে ধরার দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • SynthID
  • Sumaiya Banna Facebook Post
  • Sumaiya Banna Facebook Post
  • Sumaiya Banna Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: