তাহেরীর নামে ভুয়া পেজ থেকে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা, প্রচারিত সেলফিও এআই সম্পাদিত

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিন ২৪ মার্চ। ক্রিকেটার পরিচয়টির বাইরেও তার আরেকটি পরিচয় রয়েছে সেটি হলো তিনি পতিত আওয়ামী লীগ সরকারের একজন সাবেক সংসদ সদস্য। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন তিনি। অভ্যুত্থানের পর আর দেশে ফেরেননি তিনি। তার জন্মদিন উপলক্ষে আলোচিত ইসলামী বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর নামে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে সাকিব আল হাসানকে শুভেচ্ছা জানিয়ে তাদের দুজনের একটি সেলফি প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর সাথে সাকিব আল হাসানের প্রচারিত ছবিটি আসল নয়। এছাড়াও, ছবিটি যে পেজটি থেকে প্রচার করা সেটিও তাহেরীর আসল পেজ নয়। প্রকৃতপক্ষে, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের একটি পুরোনো ছবিকে এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে সেখানে মুশফিকের স্থলে তাহেরীর ছবি বসানো হয়েছে। পরবর্তীতে তাহেরীর নামে পরিচালিত ভুয়া এই পেজটি থেকে ছবিটি প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, গিয়াস উদ্দিন তাহেরীর নামে পরিচালিত যে পেজটি থেকে পোস্টটি করা হয়েছে সেটি তাহেরীর আসল পেজ নয়। পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি গত ১৭ মার্চ তৈরি করা হয়েছে। অপরদিকে তাহেরীর ভেরিফাইড অ্যাকাউন্টটি ২০১৯ সালের ২৬ জানুয়ারি তৈরি করা হয়। এই পেজের মাধ্যমে তাহেরী তার সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন। এছাড়াও তার অফিসিয়াল অ্যাকাউন্ট কিংবা অন্য কোথাও তাহেরীর নামে এমন কোনো পেজ পরিচালনার তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি তাহেরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কোনো পোস্ট করতেও দেখা যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে, এর নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপও লক্ষ্য করা যায়।

এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গত বছরের ২৬ আগস্ট গুগল ডিপমাইন্ড ‘ন্যানো বানানা’ নামে একটি উন্নত ইমেজ এডিটিং মডেল উন্মোচন করেছে, যা বর্তমানে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির মাধ্যমে ব্যবহার করা যায়। এই মডেল ব্যবহারকারীদের উন্নত ও সৃজনশীলভাবে ছবি সম্পাদনার সুযোগ প্রদান করে।

প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

এছাড়াও অনুসন্ধানে দেখা যায়, ছবিটি মুশফিকুর রহমানের সাথে সাকিব আল হাসানের ড্রেসিংরুমে তোলা পুরোনো একটি ছবি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।

মূলত, তাদের পুরোনো এই ছবিটি জেমিনির মাধ্যম সম্পাদনা করে ‍মুশফিকুর রহমানকে সরিয়ে সেখানে তাহেরীকে বসানো হয়।

সুতরাং, সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গিয়াস উদ্দিন তাহেরী পোস্ট দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • Mushfiqur Rahim Instagram Post
  • SynthID
  • Rumor Scanner’s Analysis
Share: