জামায়াতের কর্মশালায় রামিসা হত্যা মামলার আসামি জাকির দাবিতে এআই-সম্পাদিত ছবি প্রচার

শিশু শিক্ষার্থী রামিসা গত ১৯ মে রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যার শিকার হয়। ঘটনার পর অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এর প্রেক্ষিতে, অভিযুক্ত জাকির বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্র পরিচালনা কর্মশালায় উপস্থিত ছিলেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় জামায়াতের ভোটকেন্দ্র পরিচালনা কর্মশালার একটি পুরোনো ছবি সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Jamaat Dhaka City North’ নামের একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ২৭ আগস্ট প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবির অনেকাংশে মিল রয়েছে। তবে দাবিকৃত ছবিতে জাকিরকে দেখা গেলেও মূল ছবিতে তার কোনো উপস্থিতি নেই। এছাড়া ব্যানার, মঞ্চসজ্জা, অংশগ্রহণকারীদের অবস্থানসহ ছবির অন্যান্য উপাদান একই রয়েছে।

একই ছবির ব্যবহার ২০২৫ সালের ২৭ আগস্ট দেশ টিভির একটি প্রতিবেদনে পাওয়া যায়। সেখানেও জাকিরের উপস্থিতি দেখা যায় না। দেশ টিভির প্রতিবেদন অনুযায়ী, সেদিন রাজধানীর পল্লবীর একটি স্থানীয় মিলনায়তনে ঢাকা ১৬ আসনের ভোটকেন্দ্র পরিচালক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এদিকে, গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির তথ্য অনুযায়ীও আলোচিত ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা বা তৈরি করা হয়েছে।

অর্থাৎ, জামায়াতের ভোটকেন্দ্র পরিচালক কর্মশালার পুরোনো একটি ছবিতে এআই প্রযুক্তির সহায়তায় জাকিরের উপস্থিতি যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং, জামায়াতের ভোটকেন্দ্র পরিচালনা কর্মশালায় রামিসা হত্যায় অভিযুক্ত জাকির উপস্থিত ছিলেন দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Jamaat Dhaka City North – Facebook Post 

Desh Tv – সবাইকে ইতিবাচক রাজনীতিতে ফিরতে হবে: সেলিম উদ্দিন
Gemini

Share: