ছাত্রলীগ কর্মীদের আটকের জেরে ছাত্র শক্তির আফতাব আহমেদের স্ত্রীকে নিয়ে এআই-সৃষ্ট অপপ্রচার

গত ১৫ মে ডেমরায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করলে ডেমরা থানা জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক আফতাব আহমেদের নেতৃত্বে ছাত্রশক্তির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এসময় তারা ডেমরা থানা ছাত্রলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান তালুকদারসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দও করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আফতাব আহমেদের স্ত্রীকে লক্ষ্য করে বিব্রতকর তথ্য প্রচার করতে দেখা যায়। এমন পোস্টগুলোর মাঝে কয়েকটিতে তার স্ত্রীর ছবি দাবিতে ৪টি ছবি প্রচার করতে দেখে রিউমর স্ক্যানার। 

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ডেমরা থানা জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক আফতাব আহমেদের স্ত্রীর ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে।

আলোচিত ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানের শুরুতে ছবিগুলো সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় একটি ছবিতে কিছুটা এআইজনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ছবিটিতে দেখতে পাওয়া নারী ও পুরুষের হাতে যা লক্ষণীয়।

তাই উক্ত ছবিগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কিনা সেটি যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ ছবিগুলো পরীক্ষা করলে দেখা যায়, এগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। Hive Detect-এর ফলাফল দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, জাতীয় ছাত্রশক্তির আফতাব ছাত্রলীগের নেতাকর্মীদের মারধর, পাকড়াও এবং পুলিশে সপোর্দ করায় তার স্ত্রীকে টার্গেট করে এমন অপপ্রচার চালানো হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রায়শই নেতাকর্মীদের পরিবারের সদস্যদের আক্রমণ করে এমন অপপ্রচার চালানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

সুতরাং, ডেমরা থানা জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক আফতাব আহমেদের স্ত্রীর ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত আপত্তিকর ছবিগুলো এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • Hive Detect
  • Rumor Scanner’s Analysis
Share: