বিল্ডিংয়ের ছাদ থেকে সেনাবাহিনী কর্তৃক ২ হাজার এলপিজি গ্যাসের সিলিন্ডার উদ্ধার দাবিতে এআই ছবি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘চারিদিকে যখন গ্যাসের সিলিন্ডারের জন্য হাহাকার, ১২ কেজি LPG গ্যাসের সিলিন্ডার ২০০০ টাকাতেও মিলছে না। সাধারণ মানুষের রান্নাঘর যখন বন্ধ হওয়ার উপক্রম, ঠিক সেই কঠিন মুহূর্তে আশার আলো হয়ে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানীর একটি বিল্ডিংয়ের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২০০০টি LPG গ্যাসের সিলিন্ডার। যেখানে কৃত্রিম সংকট তৈরি করে অসাধু চক্র লাভের চেষ্টা করছিল, সেখানে সেনাবাহিনীর এই অভিযান সত্য ও ন্যায়ের পক্ষে এক সাহসী পদক্ষেপ। দেশের মানুষের পাশে থাকার এই দৃষ্টান্ত আবারও প্রমাণ করলো— বাংলাদেশ সেনাবাহিনী মানেই আস্থা, নিরাপত্তা ও সাহস। স্যালুট জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাজধানীর একটি ভবনের ছাদ থেকে প্রায় ২০০০টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধারের দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে ভিন্ন এক ছবির সাহায্যে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি নিয়ে রিভার্স সার্চ করলে কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে সৈনিকদের দাঁড়ানোর ভঙ্গিমা, গ্যাসের সিলিন্ডারের আকৃতি ও ছবির দূরত্ব অনুযায়ী আলোর তারতম্য এবং সেনা সদস্যদের শরীরের গড়ন, অবস্থানে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এছাড়াও, সেনা সদস্যদের হাতে রাইফেল ধরার ভঙ্গিমাতেও অসামঞ্জস্য অবস্থা দেখা যায়। এসব অসংগতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিতে লক্ষ্য করা যায়।

এছাড়াও, এ বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৫ শতাংশ।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়।

সুতরাং, রাজধানীর একটি বিল্ডিংয়ের ছাদ থেকে প্রায় ২০০০টি এলপিজি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

Share: