চলমান সংঘাতে কাতারে এএন/এফপিএস-১৩২ রাডারের ধ্বংসাবস্থার দৃশ্য দাবিতে এআই নির্মিত ছবি প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি ইরানের সেনাবাহিনীর একটি বিশেষ বিভাগ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–এর জনসংযোগ দফতরের বরাতে ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস দাবি প্রচার করে, মার্কিন রাডার FP132, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাকিংয়ের জন্য বিশেষ সরঞ্জামসহ কাতারে মোতায়েন ছিল, তা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
পরবর্তীতে এরই প্রেক্ষিতে দেশিয় নানা গণমাধ্যমেও সংবাদ প্রচার করা হয়। এসময় চলমান সংঘাতে কাতারে এএন/এফপিএস-১৩২ রাডারের ধ্বংসাবস্থার ছবি দাবিতে একটি ছবিও সংযুক্ত করে প্রচার করা হয়।

আলোচিত ছবির সংযুক্তিসহ এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: সময় টিভি, বার্তা বাজার, বাহান্ন নিউজ, ঢাকা টাইমস, সবার দেশ, দিনাজপুর টিভি, নিউজ১০।
এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি কাতারে অবস্থিত এএন/এফপিএস-১৩২ রাডারের ধ্বংসাবস্থার দৃশ্যের নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে কাতারে অবস্থিত এএন/এফপিএস-১৩২ এর অবকাঠামো বা ডিজাইন আলোচিত ছবির চেয়ে ভিন্ন।
কাতারে রাডার ধ্বংসের আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে ইরানি সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস’ এর এক্স অ্যাকাউন্টে গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানের সেনাবাহিনীর একটি বিশেষ বিভাগ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–এর জনসংযোগ দফতরের বরাতে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে দাবি করা হয়, ‘৫,০০০ কিলোমিটার পাল্লার মার্কিন রাডার FP132, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাকিংয়ের জন্য বিশেষ সরঞ্জামসহ কাতারে মোতায়েন ছিল, তা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’ (অনূদিত)
এ বিষয়ে গুগলে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে তুর্কি সংবাদমাধ্যম ‘আনাদোলু এজেন্সির ওয়েবসাইটে গত ৪ মার্চে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে অবস্থিত ১.১ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন AN/FPS-132 আগাম সতর্কীকরণ রাডার সিস্টেমটি শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। কাতার নিশ্চিত করেছে যে, রাডারটি আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।’ (অনূদিত)
পরবর্তীতে গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউয়ে অনুসন্ধানে এই আগাম সতর্কীকরণ রাডার সিস্টেমটি খুঁজে পাওয়া যায়। দেখা যায়, এটি তিনটি বৃত্তাকার অ্যান্টেনার সমন্বয়ে তৈরি এবং আসল রাডারটি একটি বড় আয়তাকার ভবন বা অবকাঠামোর অংশ।
উক্ত রাডার সিস্টেমটির আরো স্পষ্ট ছবি বা ডিজাইনের বিষয়ে অনুসন্ধানে মার্কিন বিমান বাহিনীর একটি স্থাপনা, রাইট-প্যাটারসন এয়ার ফোর্স বেস -এর ওয়েবসাইটে ২০১৭ সালের মার্চে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে কাতারের নতুন আগাম সতর্কীকরণ রাডার নির্মাণের জন্য ১ বিলিয়ন ডলারের চুক্তির বিষয়ে উল্লেখ করা হয়। এতে রাডার সিস্টেমটির ডিজাইনের অনুরূপ একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়। এছাড়াও, পিটারসন এবং শ্রিভার স্পেস ফোর্স বেস নামের এরূপ আরেকটি ঘাঁটির ওয়েবসাইটেও এরূপ রাডারের ছবি পাওয়া যায় যা কাতারের আলোচিত রাডার স্থাপনার স্যাটেলাইট ভিউয়ের সাথে প্রায় হুবহু মিলে।

কাতারের উক্ত রাডার সিস্টেমটির ডিজাইনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত রাডার সিস্টেমের ডিজাইনের তুলনা করলে স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে রাডারটির একটি অষ্টভুজাকৃতি সদৃশ বহুতলক অ্যান্টেনা অ্যারে দেখা যাচ্ছে এবং সেখানে শুধুমাত্র একটি অ্যারে দৃশ্যমান, অপরদিকে প্রকৃত স্থাপনাটিতে তিনটি বৃত্তাকার অ্যান্টেনা অ্যারে রয়েছে যার আসল রাডারটি একটি বড় আয়তাকার ভবন বা স্থাপনার অংশ।
পরবর্তীতে আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে কাতার বা যুক্তরাষ্ট্রের সরকারি নির্ভরযোগ্য সূত্রে এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়াও, প্রচারিত ছবিতে প্রদর্শিত আগুন, আভা ও ধোঁয়াতেও অস্বাভাবিকতা বা কৃত্রিমতা লক্ষ্য করা যায়। আলোচিত ছবিটি একাধিক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মে যাচাই করেও এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানা যায়।
সুতরাং, কাতারে অবস্থিত এএন/এফপিএস-১৩২ রাডারের ধ্বংসাবস্থার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- Anadolu Agency – US lost nearly $2B worth of military equipment in first 4 days of strikes against Iran
- Google Map
- Wright-Patterson AFB – Hanscom awards $1 billion for Qatar’s new radar
- Peterson and Schriever Space Force Base – Bringing innovation to the mission
- AI Analysis
- Rumor Scanner’s analysis

