ড. ইউনূস কর্তৃক মার্কিন রাষ্ট্রদূতের জুতা ঠিক করে দেওয়ার ছবিটি এআই নির্মিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশের প্রধান হয়ে সুদি এনুচ আমেরিকার চতুর্থ শ্রেনীর কর্মচারী রাষ্ট্রদূতের জুতা ঠিক করে দিতেছে।হায়রে পা চাটা গোলাম সুদি এনুচ।’

অর্থাৎ, দাবি করা হয়েছে ছবিটি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের জুতা প্রধান উপদেষ্টার ঠিক করে দেওয়ার ছবি।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের জুতা সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঠিক করে দেওয়ার ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে ভিন্ন এক ছবির সাহায্যে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি নিয়ে রিভার্স সার্চ করলে কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ড. ইউনূসের শরীরের গড়ন, অবস্থানে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এছাড়াও, ব্রেন্ট ক্রিস্টেনসেনের পেছনে থাকা পতাকাতে লেখা ‘প্রধান উপদেষ্টা’র ‘প্রধান’ শব্দটি বিকৃত অবস্থায় দেখা যায়। এসব অসংগতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিতে লক্ষ্য করা যায়।

এছাড়াও, এ বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক প্ল্যাটফর্ম দিয়ে যাচাই করলে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি হওয়ার সম্ভাবনা বেশি বলে জানা যায়।

উক্ত ছবিটি কোন ছবির প্রেক্ষিতে তৈরি সে বিষয়ে অনুসন্ধানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতর ‘তথ্য অধিদফতর – পিআইডি’ এর ফেসবুক পেজে গত ২৩ জানুয়ারিতে প্রচারিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবিতে প্রদর্শিত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও ড. ইউনূসের পোশাক এবং পারিপার্শ্বিক অবস্থানের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। অর্থাৎ, উক্ত ছবির প্রেক্ষিতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।

আসল ছবিটির বর্ণনায় বলা হয়, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত Brent T. Christensen সাক্ষাৎ করেন (শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬)’।

সুতরাং, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের জুতা সদ্য সাবেক প্রধান উপদেষ্টার ঠিক করে দেওয়ার ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

  • Ai analysis
  • তথ্য অধিদফতর – পিআইডি – Facebook Post
Share: