গত ২১ মার্চ ২০২৬ (শনিবার) বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এরই প্রেক্ষিতে “মুসলমানদের স্টাইলে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন ও তার পরিবার! সকল মুসলমানদের জানিয়েছেন ঈদুল ফিতরের শুভেচ্ছা” দাবিতে একটি ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। ছবিতে দেখা যায়, কিম জং উন মাথায় টুপি পরিধান করে, পরিবার সহ দাঁড়িয়ে আছেন

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে।
অনুরূপ দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন ও তার পরিবার মুসলমানদের মতো ঈদের শুভেচ্ছা জানানোর ঘটনা সত্য নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির পক্ষে তথ্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে কিম জং উন এর এমন কোনো ছবি প্রকাশিত হলে তা উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশের নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রের দ্বারা প্রচারিত হওয়ার কথা। কিন্তু আলোচিত ছবিটি এমন কোনো বিশ্বস্ত সূত্রের বরাতে নয়, বরং ভিত্তিহীনভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
পরবর্তীতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
সুতরাং, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার পরিবারের ঈদের শুভেচ্ছা জানানোর দাবিতে প্রচারিত ছবিটিএআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
তথ্যসূত্র
- Hive Detect
- SynthID


