ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত তিনটার দিকে সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন পরিবারের মেজো মেয়ে ফাইজা আক্তার। জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ২৩ ফেব্রুয়ারি তিনি তার মামার সঙ্গে দেশে ফিরে আসেন। এ ঘটনার প্রেক্ষিতে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ফাইজা আক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছেন দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফাইজার সঙ্গে জামায়াতের আমীরের দেখা করার দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় এবং তিনি ফাইজার সঙ্গে দেখা করতে যাননি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবির ভিত্তিতেই এমন দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ফাইজা আক্তারের সাথে জামায়াতের আমীরের দেখা করা সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এমনকি জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ডা. শফিকুর রহমানের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, “ডা. শফিকুর রহমান সেখানে যাননি।”
এরপর আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। একাধিক এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, আলোচিত ছবিটি এআই হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

অর্থাৎ, উক্ত দাবিতে প্রচারিত ছবিটিও বাস্তব নয়।
সুতরাং, ওমরাহ পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পরিবার হারানো শিশু ফাইজার সঙ্গে জামায়াতের আমীরের দেখা করার দাবিটি মিথ্যা এবং এ দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Prothom Alo- বাবা-মা ও দুই বোনকে হারিয়ে একা গ্রামে ফিরল ছোট্ট ফাইজা
- Bangladesh Jamaat-e-Islami- Facebook Page
- Dr. Shafiqur Rahman- Facebook page
- Ai Analysis


