অভিনেতা হাসান মাসুদের হাতে ফ্যাসিবাদ সমর্থিত পোস্টার দাবিতে এআই ছবি প্রচার 

সম্প্রতি অনলাইনে একটি ছবি প্রচার করা হয়েছে যেখানে দেখা যায়, অভিনেতা হাসান মাসুদ হাতে একটি পোস্টার ধরে রয়েছেন। পোস্টারটিতে লেখা— ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।

আলোচিত ছবি সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

আলোচিত ছবি সংবলিত ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পোস্টার হাতে অভিনেতা হাসান মাসুদের ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল ছবি নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ছবিটি পর্যবেক্ষণ করলে হাসান মাসুদের অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।

আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে, এর নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপও লক্ষ্য করা যায়।

এ বিষয়ে অনুসন্ধানে জানা গেছে, গুগল ডিপমাইন্ড ‘ন্যানো বানানা’ নামে একটি উন্নত ইমেজ এডিটিং মডেল উন্মোচন করেছে, যা বর্তমানে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির মাধ্যমে ব্যবহার করা যায়। এই মডেল ব্যবহারকারীদের উন্নত ও সৃজনশীলভাবে ছবি সম্পাদনার সুযোগ প্রদান করে।

পাশাপাশি, প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

পরবর্তীতে, এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ এ আলোচিত ছবি বিশ্লেষণ করলে এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ বলে জানা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।

এছাড়াও, এ বিষয়ে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের সূত্রে জানা যায়, অভিনেতা হাসান মাসুদ নিজেই নিশ্চিত করেছেন আলোচিত ছবি আসল নয়।

সুতরাং, অভিনেতা হাসান মাসুদের হাতে ফ্যাসিবাদ সমর্থিত পোস্টার দাবিতে প্রচারিত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share: