বিএনপি নেতাদের সাথে কথিত ‘র’ কর্মকর্তার সাক্ষাতের ভাইরাল ছবিগুলো ভুয়া

ফেনী-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নয়াদিল্লিতে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত দ্য ওবেরয় হোটেলে সংস্থাটির কথিত কর্মকর্তা কর্নেল গৌরব দোগরার সঙ্গে বৈঠক করেছেন দাবিতে চারটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মের পোস্ট দেখুন: এক্স, থ্রেডস, ইন্সটাগ্রাম।
একই দাবিতে টিকটক প্রাচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কথিত ‘র’ কর্মকর্তার সঙ্গে বিএনপির দুই নেতার বৈঠকের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে জানা যায়, এই দাবি সংবলিত তথ্য ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে ‘Shafin Rahman’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ওই পোস্টে কয়েকটি কথিত ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) প্ল্যাটফর্মের বরাতে বৈঠকের দাবি করা হয়। একই সঙ্গে একটি ভিডিও প্রকাশের কথাও উল্লেখ করা হয় এবং পোস্টের মন্তব্য ঘরে ভিডিওটি যুক্ত করা হয়।
পরবর্তীতে ওই ভিডিওর সূত্র ধরে Indus Sentinel Grid নামের একটি এক্স অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি সেদিন সকাল ৮টা ২৬ মিনিটে প্রকাশ করা হয়। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে নয়াদিল্লিতে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত দ্য ওবেরয় হোটেলে বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক হয়েছে এমন দাবি উপস্থাপন করা হয়েছে।
ভিডিওতে কথিত এসব বৈঠকের চারটি ছবি দেখানো হয়। এরপর একজন কথিত ‘র’ কর্মকর্তা হিসেবে কর্নেল গৌরব দোগরার একটি প্রোফাইল ছবি উপস্থাপন করা হয় এবং তার সঙ্গে নাম, পরিচয় ও কিছু ব্যক্তিগত তথ্য যুক্ত করা হয়। একইভাবে ভিডিওতে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল আউয়াল মিন্টুর ছবিও প্রোফাইল আকারে দেখানো হয়। তাদের ক্ষেত্রেও নাম, বয়স, রাজনৈতিক পরিচয় এবং ভ্রমণসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য উল্লেখ করা হয়েছে।
ওই এক্স অ্যাকাউন্টটির অ্যাবাউট সেকশন থেকে জানা যায়, এটি পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছে।

পরবর্তীতে, কথিত এসব বৈঠকের দৃশ্য দাবিতে প্রচারিত চারটি ছবি আলাদাভাবে বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার।
প্রথম ছবিতে দেখা যায়, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী কথিত ‘র’ কর্মকর্তা কর্নেল গৌরব দোগরার সঙ্গে একটি হোটেল লবিতে কথা বলছেন। ছবিতে আমীর খসরুকে নীল রঙের স্যুট ও আকাশী রঙের শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়। অন্যদিকে, গৌরব দোগরাকে ঘিয়ে রঙের ফুল হাতা শার্টে দেখা যায়। ছবির বাম পাশে একজন ওয়েটারকে দেখা যায়, যাকে অনুসন্ধানের সুবিধার্থে প্রথম ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ছবির স্থানটিকে প্রথম স্থান হিসেবে উল্লেখ করা হয়।
দ্বিতীয় ছবিতে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং কথিত ‘র’ কর্মকর্তা গৌরব দোগরাকে একসঙ্গে বসে থাকতে দেখা যায়। এখানে আমীর খসরু ঘিয়ে রঙের শার্টে, মিন্টু আকাশী রঙের শার্টে এবং দোগরা প্রথম ছবির মতোই ঘিয়ে রঙের ফুল হাতা শার্টে রয়েছেন। ছবির ডান পাশে একজন ব্যক্তিকে দেখা যায়, যাকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই স্থানটিকে দ্বিতীয় স্থান হিসেবে উল্লেখ করা হয়।
তৃতীয় ছবিতেও আমীর খসরু এবং কথিত গৌরব দোগরাকে দেখা যাচ্ছে। ছবিটিতে আবারো আমীর খসরুকে প্রথম ছবির মত নীল রঙের স্যুটে দেখা গেলেও কথিত গৌরব দোগরাকে এখানে দেখা যাচ্ছে সাদা রঙের হাফ হাতা শার্টে। উল্লেখ্য, এই ছবির ডানদিকেও দ্বিতীয় ছবি বা দ্বিতীয় স্থানে থাকা সেই দ্বিতীয় ব্যক্তিকে দেখা যাচ্ছে একই অঙ্গভঙ্গিতে। তবে কথিত দোগরার মত তার শার্টও এখানে হাফ হাতা হয়ে গেছে।
চতুর্থ এবং সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছে আব্দুল আউয়াল মিন্টু এবং কথিত গৌরব দোগরাকে। মিন্টু এখানে রয়েছেন আকাশী রঙের ফুল হাতা শার্টে এবং দোগরা ঘিয়ে রঙের ফুল হাতা শার্টে। পূর্বের ন্যায়, এই ছবিতেও দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থানে থাকা সেই দ্বিতীয় ব্যক্তিটিকে দেখা যাচ্ছে একই অঙ্গভঙ্গিতে।
চারটি ছবিতে লক্ষ্য করা পোশাকগুলো হলো নীল রঙের স্যুট, ঘিয়ে রঙের ফুল হাতা শার্ট, আকাশী রঙের ফুল হাতা শার্ট এবং সাদা রঙের হাফ হাতা শার্ট।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুতে ২০১৮ সালের ২১ জুন প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবিরের একটি ছবি যুক্ত রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এটি ছিল বিরোধী দলের শীর্ষ নেতা হিসেবে তাদের নয়াদিল্লি সফরকালের ছবি।

উক্ত ছবিতে আবদুল আউয়াল মিন্টুকে নীল রঙের স্যুট ও আকাশী রঙের ফুল হাতা শার্টে এবং আমীর খসরুকে ঘিয়ে রঙের ফুল হাতা শার্টে দেখা যায়। ভাইরাল চারটি ছবিতে ব্যবহৃত চার ধরনের পোশাকের মধ্যে তিনটিই এই ছবিটি থেকে নেওয়া হয়েছে। তবে বিভিন্ন সময়ে এসব পোশাক ভিন্ন ভিন্ন ব্যক্তির শরীরে বসিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন ছবি তৈরি করা হয়েছে।
রিউমর স্ক্যানার দিল্লির দ্য ওবেরয় হোটেলের রিভিউ সেকশন থেকে দুটি ছবি (১, ২) খুঁজে পায়, যেগুলোর ব্যাকগ্রাউন্ড ও আসবাবপত্রের বিন্যাস ভাইরাল ছবিগুলোর সঙ্গে মিল রয়েছে।
সব মিলিয়ে দেখা যায়, কথিত গৌরব দোগরার একটি ছবি, বিএনপি নেতাদের ২০১৮ সালের একটি ছবি এবং দ্য ওবেরয় হোটেলের দুটি আলাদা ছবি একত্র করে চারটি ভুয়া ছবি তৈরি করা হয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এক্সে প্রকাশিত ভিডিওতে কথিত গৌরব দোগরার প্রোফাইলে যে ছবি দেখানো হয়েছে, সেখানে তাকে সাদা রঙের হাফ হাতা শার্ট পরিহিত অবস্থায় দেখা যায় এবং তার পকেটে একটি আইডি কার্ড রয়েছে। এই একই আইডি কার্ড তৃতীয় ছবিতেও একই অবস্থানে দেখা যায়। অর্থাৎ, একই উৎস থেকে ছবি কেটে বা সম্পাদনা করে নতুন ছবি বানানো হয়েছে, যা ছবিগুলোর কৃত্রিম হওয়ার বিষয়টি আরও স্পষ্ট করে।
সাম্প্রতিক সময়ে এআই দিয়ে ছবি সম্পাদনায় বহুল ব্যবহৃত একটি টুল হচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ছবিগুলোও গুগলের এআই দিয়ে তৈরি হয়েছে এমন সন্দেহ থেকে জেমিনির মাধ্যমে গুগলের সিন্থআইডি প্রযুক্তি ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। এই প্রযুক্তি গুগলের এআই দিয়ে তৈরি কনটেন্টে যুক্ত অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত করতে সক্ষম। সিন্থআইডি প্রযুক্তি ব্যবহার করে জেমিনি জানায়, চারটি ছবির প্রতিটিরই কোনো না কোনো অংশ গুগল এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।
পরবর্তীতে, বুম বাংলাদেশের সৌজন্যে সিন্থআইডির জন্য থাকা আলাদা পোর্টালেও ছবিগুলো যাচাই করা হলে একই ধরনের ফলাফল পাওয়া যায়।
সুতরাং, কথিত ‘র’ কর্মকর্তার সঙ্গে বিএনপির দুই নেতার বৈঠকের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো এআই-তৈরি।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- The Oberoi Photos: 1,2
- The Hindu: BNP seeks India’s help for free and fair polls in Bangladesh
- Gemini
- SynthID

