আমেরিকান ও ইরানি সেনাবাহিনী এক হয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছে দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতে আমেরিকান সেনাবাহিনী ও ইরানের সেনাবাহিনী এক হয়ে তারা যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনসুন্ধানে জানা যায়, অবশেষে আমেরিকান সেনাবাহিনী ও ইরানের সেনাবাহিনী এক হয়ে তারা যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেন দাবিতে প্রচারিত ছবিগুলো আসল
নয়৷ প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিগুলো তৈরি করে প্রচার করা হয়েছে।
আলোচিত ছবিগুলো নিয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন ছবির অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত এখনো চলমান রয়েছে এবং এ সংঘাত বন্ধের কোনো ঘোষণা দেওয়া হয়নি। বৈশ্বিকভাবে আলোচিত এই সংঘাত বন্ধের ঘোষণা সত্য হলে তা ব্যাপকভাবে আলোচিত হতো এবং বিভিন্ন বিশ্বস্ত সূত্রেও এ বিষয়ে তথ্য পাওয়া যেত। কিন্তু এমনটি লক্ষ্য করা যায়নি।
পরবর্তীতে প্রচারিত ছবিগুলো সূক্ষ্মভাবে পর্যালোচনা করে একাধিক এআই-জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। বিষয়টি নিশ্চিত হতে ছবিগুলো এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ ডিটেক্টে পরীক্ষা করলে দেখা যায়, এগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘12 মায়া বিনোদন’ নামের একটি ফেসবুক পেজে গত ৯ মার্চ ছবিটি পোস্ট হতে দেখা যায়।
‘12 মায়া বিনোদন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজে যত পোস্ট দেখতেছেন আমি সবগুলো এআই দিয়ে তৈরি করি কেউ বাস্তব মনে করে ভুল করবেন না এগুলো কিছুই বাস্তব না সবগুলোই ai’’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক এআই-তৈরি ছবি পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত ছবিটিও এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং, আমেরিকান ও ইরানের সেনাবাহিনী এক হয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছে দাবিতে প্রচারিত ছবিগুলো এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Hive Moderation

