কালেমা সংবলিত টি-শার্ট পরিহিত জাপানি শিশুর ভাইরাল ছবিটি এআই-নির্মিত

এবারের বিশ্বকাপকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিশুর ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, কালেমা-সংবলিত টি-শার্ট পরে খেলা দেখতে গিয়ে ওই কথিত জাপানি শিশুটি স্টেডিয়ামের ক্যামেরায় ধরা পড়ে। বহু মুসলিম ফেসবুক ব্যবহারকারী ‘মাশাআল্লাহ’ লিখে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ছবিটি ব্যাপকভাবে শেয়ার করছেন এমনটিও লক্ষ্য করা যায়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে hadiyyainriyadh ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৬ জুন প্রচারিত একটি পোস্টে আলোচিত ছবিটি প্রচারিত হতে দেখা যায়। এছাড়াও পোস্টটিতে অনেকটা একই ধরনের জার্সি পরিহিত শিশুটির আরেকটি ছবিও দেখতে পাওয়া যায়। ছবির ক্যাপশন ও হ্যাশট্যাগ পর্যালোচনার মাধ্যমে জানা যায়, ছবিটি এবারে বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন জানানো উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। তবে ছবিটিতে দেখতে পাওয়া জার্সি ও লেখাগুলোর সাথে সৌদি আরবের জার্সি ও কালেমার হরফের অসঙ্গতি লক্ষ্য করা যায়। পাশাপাশি ক্যাপশনের হ্যাশট্যাগে #ai ট্যাগটি দেখতে পাওয়া যায়। এ থেকে ধারণা করা যায়, সৌদি আরবের সমর্থনে প্রচারিত এই ছবিগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করার সম্ভাবনা রয়েছে।

তাই আলোচিত ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কিনা সেটি যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। অর্থাৎ, বিশ্বকাপের গ্যালারিতে শিশুর কালেমা সংবলিত টি-শার্ট পরে খেলা দেখার দাবিতে প্রচারিত এআই ছবিটি আসল নয়।

পরবর্তীতে উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, কালেমা সংবলিত টি-শার্ট পরিহিত শিশুর ছবিটি এআই নির্মিত হলেও ছবিতে দেখতে পাওয়া শিশুর চরিত্রটি অবাস্তব নয়, ওই শিশুর বাস্তবিক অস্তিত্ব রয়েছে। মূলত, ওই ছবিটি এআই দ্বারা তৈরি করা হয়েছে। এছাড়াও অ্যাকাউন্টে পর্যালোচনার মাধ্যমে জানা যায়, ওই শিশু সৌদি আরবের নিবাসী। তবে তাকে নিয়ে চীনা গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন ও অ্যাকাউন্টের বেশকিছু ভিডিও পর্যালোচনার মাধ্যমে জানা যায়, ওই ছবিতে দেখতে পাওয়া শিশুর নাম হাদিয়া। সে একজন চীনা বংশদ্ভূত। তার চীনা নাম লিলি। তার বাবা মায়ের সাথে সৌদি আরবে বসবাস করেন। তার নামে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউজার নেমেও তার সৌদি আরবের রিয়াদে অবস্থানের বিষয়টি উল্লেখ করে hadiyyainriyadh রাখা হয়েছে বলে তার মায়ের দেওয়া সাক্ষাৎকার থেকে জানা যায়।

তবে অনুসন্ধানে ওই শিশু বা তার পারিবারিক ধর্মীয় পরিচয় জানা সম্ভব হয়নি। কিন্তু চীনে হাদিয়ার ঈদ উদযাপনের একটি ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত হতে দেখা যায়। তাই তার জাতিগত পরিচয় নিশ্চিত হওয়া গেলেও ধর্মীয় পরিচিত নিশ্চিত হতে পারেনি রিউমর স্ক্যানার।

সুতরাং, এবারের বিশ্বকাপের আসরে জাপানি শিশুর কালেমা সংবলিত টি-শার্ট পরে খেলা দেখতে পাওয়া দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর এবং উক্ত দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: