সাম্প্রতিক সময়ে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জ জেলায় প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর বোরোধানের জমি পানির নিচে তলিয়ে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাওরাঞ্চলের কৃষকরা। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর ধান কাটার ছবি প্রকাশ করে দাবি করা হয় যে, কিশোরগঞ্জে পানিতে ডুবে যাওয়া ধান কেটে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি বাংলাদেশ সেনাবাহিনীর ধান কেটে দেওয়ার বাস্তব কোনো ঘটনার ছবি নয়। প্রকৃতপক্ষে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ছবিটি পর্যবেক্ষণ করে একাধিক অসংগতি শনাক্ত করা যায়। ছবিতে এক সেনাসদস্যকে একইসঙ্গে দুই হাতে দুটি কাস্তে ধরে থাকতে দেখা যায়। পাশাপাশি, একজন কৃষকের শরীরের গঠনও অস্বাভাবিক ও অসম্পূর্ণ মনে হয়েছে, যা এআই প্রযুক্তিতে তৈরি ছবির ক্ষেত্রে প্রায়ই দেখা যায়।

ছবিটি এআই দ্বারা সম্পাদিত কিনা তা আরও নিশ্চিত হওয়ার জন্য ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Moderation-এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ এবং এটি তৈরিতে গুগলের Gemini 3 এআই মডেল ব্যবহারের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।

এছাড়া ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত সংবাদমাধ্যম বা উৎসে এর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, কিশোরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কৃষকদের ধান কেটে দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- Hive Moderation: Hive Detect AI
- Rumor Scanner’s own analysis


