নারীর কপালে জামায়াত আমীরের চুমু দেওয়ার ছবিটি এআই দিয়ে তৈরি 

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের একজন নারীর কপালে চুমু দেওয়ার ছবি দাবিতে একটি ছবি অনলাইনে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের একজন নারীর কপালে চুমু দেওয়ার ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে ভিন্ন এক দৃশ্যের সাহায্যে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি নিয়ে রিভার্স সার্চ করলে কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে জামায়াত আমীরের হাত, চুমু দেওয়ার স্থানেও খানিকটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিতে লক্ষ্য করা যায়।

এছাড়াও, এ বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘এআই অর নট’ দিয়ে যাচাই করলে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি হওয়ার সম্ভাবনা বেশি বলে জানা যায়।

উক্ত ছবিটি কোন ছবির প্রেক্ষিতে তৈরি সে বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘কালের কণ্ঠ’ এর ফেসবুক পেজে ‘ফেনীতে শহীদ পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে কাঁদলেন জামায়াত আমির’ শিরোনামে গত ৩০ জানুয়ারিতে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে একজন নারীকে জামায়াত আমীরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। উক্ত নারীর পোশাকের রঙের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির নারীর পোশাকের মিল পাওয়া যায়। অর্থাৎ, উক্ত দৃশ্যের প্রেক্ষিতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে। তবে, ভিডিওতে নারীর মুখ নিকাব দিয়ে ঢাকা হলেও আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে মুখ নিকাব দিয়ে ঢাকা নেই এবং মূল ভিডিওতে নারীর কপালে জামায়াত আমীরকে চুমু দিতে দেখা যায়নি।

উক্ত নারীর বিষয়ে সংবাদমাধ্যম ‘রাইজিংবিডি’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, ‘ফেনীতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মহিপালে আওয়ামী লীগের গুলিতে নিহত শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের মা আফরোজা আক্তার। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।’

সুতরাং, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের একজন নারীর কপালে চুমু দেওয়ার আসল ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

Share: