ফ্লাইওভারে কাপড় শুকানোর দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্লাইওভারের স্ল্যাবের নিচে কাপড় শুকানোর একটি ছবি ‘সংসার করতে ঘর লাগে না, লাগে শুধু সম্মতি’ শিরোনামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিটির উপস্থাপনা এমনভাবে করা হয়েছে, যাতে মনে হয় ওই স্থানে কেউ বসবাস করছেন।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফ্লাইওভারের স্ল্যাবে কাপড় শুকানোর আলোচিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় নির্মিত ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে ছবিটিতে বেশকিছু অসঙ্গতি লক্ষ্য করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে লক্ষ্য করা যায়, ছবিতে দেখতে পাওয়া ফ্লাইওভারের পিলারের একপাশের অংশ অপরপাশের তুলনায় ছোট। যা সাধারণত ব্রিজের ভারসাম্য বজায়ে বিপত্তি ঘটাবে। এছাড়াও ছবিতে দেখতে পাওয়া টেক্সট সংবলিত উপাদানগুলোর অক্ষর অস্পষ্ট বা বিকৃত। এআই জেনারেটেড কনটেন্টের ক্ষেত্রে এই প্রবোণতা লক্ষ্য করা যায়।

তাই পরবর্তীতে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি কিনা সেটি নিশ্চিত হতে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির সহায়তায় যাচাই করা হলে দেখা যায়, গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির তথ্য অনুযায়ী আলোচিত ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা বা তৈরি করা হয়েছে।

এছাড়াও ছবিটি এআই দ্বারা সম্পাদিত বা তৈরি করা হয়েছে কিনা তা আরও যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Detect-এ ছবিটি বিশ্লেষণ করা হয়। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৩.৩ শতাংশ।

সুতরাং, ফ্লাইওভারের স্ল্যাবে কাপড় শুকানোর দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচারিত আলোচিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

  • Verify AI
  • Hive Detect
  • Rumor Scanner’s Analysis
Share: