সম্প্রতি, রাস্তায় একজন দোকানদারের ইফতারির খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ছবি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পুলিশ প্লাজার পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ বিকট শব্দ—পেছনে তাকিয়ে দেখি ১৪–১৫ বছরের এক কিশোর হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে তার ইফতারের দোকানের খাবার।….’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল ছবি নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ছবিটি পর্যবেক্ষণ করলে দোকানদারের মুখমণ্ডলের গঠন ও পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।
পাশাপাশি, প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

এছাড়াও, প্রচারিত ছবিটি এআই তৈরি কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ ডিটেক্ট দিয়ে যাচাই করলে ছবিটি এআই তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ দেখা যায়।
সুতরাং, রাস্তায় দোকানদারের ইফতারি পড়ে থাকার দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- AI Analysis


