ইমি ও তার সঙ্গীদের ‘কানে ধরা’ অবস্থার ছবিটি আসল নয়, এআই দিয়ে তৈরি

শনিবার (৭ মার্চ) রাতে রাজধানীর চানখাঁরপুলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রলীগ নেতাকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে পুনরায় ভাষণ বাজানোর কর্মসূচি পালন করা হয়। রাত সাড়ে ৯টার দিকে রিকশায় স্থাপিত একটি সাউন্ড বক্সে ভাষণটি বাজানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকজন শিক্ষার্থী অংশ নেন। এ সময় ডাকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা পাল্টা অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে কর্মসূচিতে উপস্থিত নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনাও ঘটে।

এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাসনিম আফরোজ ইমি ও তার সঙ্গে থাকা আরও দুজনের কানে ধরা অবস্থায় একটি ছবি প্রচার করে দাবি করা হয়, বিক্ষুব্ধ জনতা ইমি ও তার দুই সঙ্গীকে কানে ধরিয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাসনিম আফরোজ ইমি ও তার সঙ্গে থাকা দুজনের কানে ধরা অবস্থার ভাইরাল ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ৭ মার্চ রাতে শেখ তাসনিম আফরোজ ইমি তার ফেসবুক অ্যাকাউন্টে শাহবাগ থানার সামনে তোলা নিজের সঙ্গে থাকা দুই সঙ্গীর একটি ছবি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘কেউ না কেউ ঠিকই দাঁড়ায় যাবে, দাবায় রাখতে পারবা না!’ ছবিটিতে তিনজনকে বুকের ওপর হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ইমির পোস্ট করা ওই ছবির সঙ্গে সামাজিক মাধ্যমে প্রচারিত কানে ধরা ছবিটির পেছনের ব্যক্তি, মাইক, রিকশা, গেট, সাইনবোর্ড ইত্যাদির মিল পাওয়া যায়। তবে পার্থক্য হলো, প্রচারিত ছবিটিতে তাদের কানে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

অর্থাৎ, ইমির পোস্ট করা মূল ছবিটিকে ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় আলোচিত কানে ধরার ছবিটি তৈরি করা হয়েছে।

এছাড়া, মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে শেখ তাসনিম আফরোজ ইমি ও তার সঙ্গীদের কানে ধরানো অবস্থার কোনো ছবি বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত শেখ তাসনিম আফরোজ ইমি ও তার সঙ্গীদের কানে ধরা অবস্থার ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

  • Sk Tasnim Afroz Emi – Facebook Post
Share: