সম্প্রতি “গ্রেফতার হলেন মাশরাফি বিন মর্তুজা” শিরোনামে যমুনা টিভির একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার গ্রেফতারের দৃশ্য দাবি করে একটি ছবি যুক্ত রয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গ্রেফতার হলেন মাশরাফি বিন মর্তুজা’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। মাশরাফি বিন মর্তুজার গ্রেফতারেরও কোনো ঘটনা ঘটেনি। এছাড়া, ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটি অনুসন্ধান করতে গিয়ে ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো ও ওয়েবসাইটের ঠিকানা দেখা যায়। এই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে আলোচিত শিরোনামের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ দাবির পক্ষে কোনো সংবাদ মেলেনি। তদুপরি, ফটোকার্ডটির ডিজাইন যমুনা টিভির প্রচলিত ফটোকার্ড ডিজাইনের সঙ্গে তুলনা করলে বেশ কিছু অমিলও দেখা যায়।
ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটি পর্যবেক্ষণ করলে মাশরাফি বিন মোর্ত্তজার মুখমণ্ডলের গঠন ও পারিপার্শ্বিক দৃশ্যে কিছু অস্বাভাবিকতা দেখা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি কনটেন্টে লক্ষ করা যায়। বিষয়টি আরও নিশ্চিত হতে ছবিটি এআই-তৈরি কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ ডিটেক্টে যাচাই করা হলে, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা শতভাগ বলে জানা যায়।
সুতরাং, ‘গ্রেফতার হলেন মাশরাফি বিন মর্তুজা’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- HIVE MODERATION
- Rumor Scanner’s Analysis


