জন্মদিনে জাইমার সবাইকে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণার ভুয়া ক্যাম্পেইন বিষয়ে ফের এআই ভিডিও প্রচার

সম্প্রতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘Zaima Rahman 1M’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচার হওয়া ভিডিওতে জাইমা সদৃশ এক নারীকে বলতে শোনা যায়, “আমাদের যে ২০ হাজার টাকার ক্যাম্পেইন ছিল, ঐটা কি আপনি পেয়েছেন? যারা এখনও পাননি তারা ফলো শেয়ার করে কমেন্ট করুন।”
উল্লেখ্য, এর আগে জন্মদিনে জাইমা রহমান সবাইকে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং টাকা পেতে বিকাশ নাম্বার দিতে বলছেন দাবিতে জাইমা রহমানের ভিডিও বলে একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ফেসবুকে ভিডিওটি দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাইমা রহমানের তরফ থেকে ২০ হাজার টাকা যারা পাননি তাদেরকে ফলো শেয়ার করে কমেন্ট করতে বলছেন জাইমা রহমান দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্রে ভিডিওটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ‘Zaima Rahman 1M’ নামের যে ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রচার করা হয়েছে সেই পেজটি জাইমা রহমানের আসল পেজ নয়। গত ১৩ জানুয়ারিতে পেজটি চালু করা হয়৷ অন্যদিকে জাইমার আসল পেজটির নাম ‘Zaima Rahman’, যেটি গেল বছরের ২৩ নভেম্বর খোলা হয়েছে। এই পেজে এমন কোনো ভিডিওর অস্তিত্ব মেলেনি।
ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা কিছু অসঙ্গতি নজরে আসে। কথা বলার সময় উক্ত নারীর মুখের নড়াচড়ার সাথে শব্দচয়নের গরমিল লক্ষ্য করা যায়৷ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর ক্ষেত্রে এটি একটি সাধারণ অসঙ্গতি।
ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা তা নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ ডিটেক্ট’ এ যাচাই করলে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৫.৫ শতাংশ এবং বক্তব্যটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৬.৮ শতাংশ দেখা যায়। এছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী আরেক প্লাটফর্ম ‘ডিপফেক-ও-মিটার’ এ ভিডিওটি যাচাই করলে প্ল্যাটফর্মটির ‘AVSRDD’ টুলের মতে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা শতভাগ দেখা যায়।

উল্লেখ্য, এর আগে জন্মদিনে জাইমা রহমান সবাইকে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন দাবিতে ডিপফেক ভিডিও প্রচার করা হলে সেসময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, জাইমা রহমানের তরফ থেকে ২০ হাজার টাকা যারা পাননি তাদেরকে ফলো শেয়ার করে কমেন্ট করতে বলছেন জাইমা রহমান দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Hive Detect
- DeepFake-O-Meter

