হাসনাত, নাহিদ, সারজিস ও জারাকে হুমকি দিয়ে ফয়সাল করিম মাসুদের বক্তব্য দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, ‘ভারতে বসে ঠাট্টা মশকরা করছে ওসমান হাদ’র খুনী’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে বলতে শোনা যায়, ‘ওসমান হাদিকে আমি শ্যুট করেছি। আমি এখন ভারতে আছি, ভালো আছি। তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না৷’
এছাড়া, ‘হাদির খুনি এবার হাসনাত ও সারজিসকে হুমকি দিল’ শীর্ষক ক্যাপশনেও একটি ভিডিও প্রচার হতে দেখা যায়।
এই ভিডিওতে বলতে শোনা যায়, ‘কি খবর হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, সারজিস ভাইয়েরা? দিনকাল কেমন যাচ্ছে? গানম্যান দিয়ে কী করবে তোমরা? আল্লাহ ডাকলে তোমাদের কেউ আটকায়া রাখতে পারবে? জারা আপু আসসালামু আলাইকুম! একদিন তো যেতেই হবে আপু। এসব দিয়ে কী করবে বলো?’

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে প্রচারিত আলোচিত ভিডিওটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে।
ফয়সাল করিম মাসুদ প্রকাশ্যে হাসনাত, নাহিদ, সারজিস কিংবা তাসনিম জারার মত আলোচিত রাজনীতিবিদদের হুমকি দিলে এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এমনকি আলোচিত ভিডিও দুইটির সত্যতার বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওগুলো একাধিক এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, ভিডিও দুইটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ, প্রচারিত ভিডিওগুলো বাস্তব নয়।
এ বিষয়ে আরও অনুসন্ধানে আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ১৫ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে দাবি করা হয়, এটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা একটি ছবি। ওই পোস্টে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা ফয়সাল করিম মাসুদের পোশাক ও ব্যাকগ্রাউন্ডের মিল পাওয়া যায়।

সুতরাং, ফয়সাল করিম মাসুদ কর্তৃক হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সারজিস আলম এবং তাসমিন জারা হুমকি দেওয়ার আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-তৈরি।
তথ্যসূত্র
- Ai Analysis
- Zulkarnain Saer- Facebook Post

