পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতিতে ভারতীয় টিভি উপস্থাপকের প্রতিক্রিয়ার ভিডিওটি এআই নির্মিত

গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় মধ্যে যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে সেসময় ভারতীয় এক টিভি উপস্থাপকের প্রতিক্রিয়ার ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। ভিডিওটি সম্প্রতি পুনরায় ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পরতে দেখা যায়। ভিডিওটিতে একজন পুরুষ উপস্থাপককে উন্মত্ত আচরণ করতে দেখা যায়। পাশে আরেক নারী উপস্থাপকও উপস্থিত ছিলেন।

ফেসুবকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

বাংলাদেশি টেলিভিশন নাটক ও ওটিটি চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহও একই ভিডিওটি তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। তার শেয়ারকৃত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত সংবাদ উপস্থাপকের ভিডিওটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত ভিডিওটিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যালোচনা করে এতে ভারতীয় সংবাদমাধ্যম এবিপির (ABP) লোগো দেখা গেলেও লক্ষ্য করা যায়, লোগোর নিচের লেখাগুলো অস্পষ্ট ও অপাঠ্য। এ ধরনের বিকৃত লেখা সাধারণত এআই-নির্মিত কনটেন্টেতে দেখতে পাওয়া যায়।
এছাড়াও, ভিডিওটি পর্যবেক্ষণ করে একাধিক ভিজ্যুয়াল অসঙ্গতিও লক্ষ্য করা যায়। প্রায় ১০ সেকেন্ডের দিকে উপস্থাপকের ছুড়ে দেওয়া সাদা কাগজটি হঠাৎ কালো বস্তুতে রূপ নেয়। একই সময়ে তার হাতও আংশিক অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। আবার প্রায় ১৭ সেকেন্ডের দিকে ছুড়ে মারা চেয়ারটির আকৃতি ও গঠন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়।
ভিডিওটিতে উপস্থাপকের চোখ, মুখের অভিব্যক্তি এবং শরীরের নড়াচড়াতেও একাধিক অসঙ্গতি দেখা যায়। পাশাপাশি, স্ক্রিনে প্রদর্শিত লেখাগুলো পর্যবেক্ষণ করলে অর্থপূর্ণ ভাষার পরিবর্তে এলোমেলো অক্ষর ও বিকৃত শব্দ দেখা যায়, যা এআই-নির্মিত কনটেন্টের একটি সাধারণ বৈশিষ্ট্য।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানের ফ্যাক্ট-চেকিং উদ্যোগ iVerify-এ ভিডিওটির বিষয়ে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তাদের বিশ্লেষণে ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি বলে শনাক্ত করা হয়। এক্ষেত্রে তারা একাধিক এআই শনাক্তকারী টুলের মাধ্যমে বিশ্লেষণ করেন।
সুতরাং, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতি চুক্তি হওয়ার পর ভারতীয় এক টিভি উপস্থাপকের প্রতিক্রিয়ার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- iVerify
- Rumor Scanner’s Analysis

