কথিত নারী পুলিশকে ট্রাম্পের চুম্বনের দৃশ্য দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কথিত নারী পুলিশ সদস্যকে জড়িয়ে ধরে চুম্বন করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘লিফটের মধ্যে পুলিশের সাথে কাজটা কিভাবে করলো’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি আসল হওয়ার পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ঘিরে এমন কোনো ভিডিও প্রকাশিত হলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হওয়ার কথা, তবে এ ধরনের কোনো তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।এ বিষয়ে আরও অনুসন্ধানে iceagentizzie নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৫ মার্চ প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। অ্যাকাউন্টটিতে ভিডিওতে দেখা কথিত নারী পুলিশ সদস্যকে ঘিরে আরও বিভিন্ন ছবি ও ভিডিও রয়েছে। এসব কনটেন্ট বিশ্লেষণে প্রতীয়মান হয়, এটি এআই নির্মিত একটি চরিত্রকেন্দ্রিক অ্যাকাউন্ট।

সম্প্রতি ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এটি মূলত কম্পিউটার নির্মিত কাল্পনিক চরিত্র, যা সিজিআই, মোশন ক্যাপচার এবং কখনো কখনো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। এসব চরিত্র বাস্তব ইনফ্লুয়েন্সারের মতোই সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে ব্র্যান্ড প্রচার ও দর্শকদের সঙ্গে যোগাযোগ করে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ স্পেনের এআই নির্মিত মডেল আইতানা লোপেজ, যার বাস্তবে কোনো অস্তিত্ব না থাকলেও ব্র্যান্ড চুক্তি ও অনলাইন কনটেন্টের মাধ্যমে মাসে প্রায় ১০ হাজার ইউরো পর্যন্ত আয় করে। আলোচিত অ্যাকাউন্টটিও একই ধরনের ভার্চুয়াল চরিত্রভিত্তিক অ্যাকাউন্ট হিসেবে পরিচালিত হচ্ছে বলে প্রতীয়মান হয়।

পরবর্তীতে ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম গুগলের SynthID প্রযুক্তি ব্যবহার করে। বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

এছাড়া হাইভ ডিটেক্ট নামের আরেকটি টুল ব্যবহার করেও যাচাই করা হলে ভিডিওটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, কথিত নারী পুলিশ সদস্যকে ডোনাল্ড ট্রাম্পের চুম্বনের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
  • Synthid
Share: