সম্প্রতি, “সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল” দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
স্বাভাবিকভাবেই, দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থীরা এভাবে বিক্ষোভ মিছিল করলে বিষয়টি গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়, যেমন- বেশ কিছু বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তের অনুপস্থিতি এবং এর স্থলে মেজেন্টা রংয়ের বৃত্ত রয়েছে। এছাড়া, ছবিটিতে নানা ধরণের কৃত্রিমতা লক্ষ্য করা যায়।
ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর মাধ্যমে ছবিটি পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

পাশাপাশি, হাইভ মোডারেশন টুলের ‘Hive Detect AI’ মডেলের বিশ্লেষণেও, ছবিটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানানো হয়।

সুতরাং, এআই-নির্মিত ছবিকে সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis


