আসাদুজ্জামান খান কামালের হার্ট অ্যাটাকের দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছে। এ মামলায় তিনি বর্তমানে পলাতক রয়েছেন।


সম্প্রতি, অতিরিক্ত টেনশনের কারণে আসাদুজ্জামান খান কামাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে তাকে হাসপাতালে ভর্তি অবস্থায় দেখা যাচ্ছে এবং তার পাশে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

উক্ত ছবি সংবলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আসল ছবি নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে আলোচিত ছবিটি আসল দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে এতে বিশেষ করে মাথা ও হাতের অংশের অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় যা সাধারণত এআই দিয়ে তৈরি ছবিতে পরিলক্ষিত হয়।

প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

সুতরাং, আসাদুজ্জামান খান কামালের অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক হয়েছে দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

  • SynthID
  • Rumor Scanner’s analysis
Share: