ফয়সাল করিম মাসুদ দেশত্যাগের মুহুর্তে বিমানবন্দরে আটকের দাবিতে এআই ছবি প্রচার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ দেশত্যাগ করার সময় বিমানবন্দরে আটক হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। প্রচারিত ফটোকার্ডটিতে দেখা যায়, কথিত কোনো বিমানবন্দরের টার্মিনালে ফয়সাল করিম মাসুদকে দুজন পুলিশ তার দুইপাশ থেকে ধরে রেখেছেন।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত একই ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ফটোকার্ডটি ইউটিউবেও প্রচার করা হয়। ইউটিউবে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দেশত্যাগের সময় হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ আটক হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, ফটোকার্ডটিতে দৈনিক আমার দেশের লোগোর আদলে তৈরি একটি লোগো ব্যবহার করা হয়েছে। যেখানে আমার দেশের পরিবর্তে ‘আমের দেশ’ লেখা দেখতে পাওয়া যায়।

এছাড়াও আলোচিত এই ফটোকার্ডটি আমার দেশের ফটোকার্ডের আদলেই তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হয়। আলোচিত দাবিতে প্রচারিত কয়েকটি ফটোকার্ডের নিচেও ‘dailyamardesh.com’ এবং ‘৩১ ডিসেম্বর’ লেখা দেখতে পাওয়া যায়।

কিন্তু আমার দেশের ফেসবুক পেজ পর্যালোচনা করেও গত বছরের ৩১ ডিসেম্বর বা তার কাছাকাছি সময় আলোচিত দাবিতে কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

পরবর্তীতে আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছে গোয়েন্দা বাহিনীর (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। গত ৬ জানুয়ারি ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি আরও জানান, ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ হাদিকে গুলি করে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন।

অর্থাৎ, দেশত্যাগ করার মুহূর্তে ফয়সাল করিম মাসুদের আটক হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটিও সঠিক নয়।

পাশাপাশি আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপফেক-ও-মিটারে ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮.৮ শতাংশ।

সুতরাং, দেশত্যাগ করার মুহুর্তে শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ পুলিশের হাতে আটক হয়েছে দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: