সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, সৌদি আরবের জনগণ সরকারবিরোধী আন্দোলন করছে। ক্যাপশনে উল্লেখ করা হয়, “আজ বিশাল বড় আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছে সৌ/দি আরবের জনগণ আন্দোলনটা ছিল সরকারবিরোধী জনগণের একটাই দাবি আ/মে/রি/কা ঘাঁ/টি সৌ/দি আরবে থাকতে পারবেনা যদি সৌ/দি আরব”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, দাবিটির সত্যতা যাচাইয়ে বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলে, সৌদি আরবের জনগণের সরকারবিরোধী আন্দোলনের সাম্প্রতিক কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। একইসঙ্গে, আলোচিত দাবির পক্ষে আন্তর্জাতিক গণমাধ্যম বা নির্ভরযোগ্য সংবাদসূত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
সুতরাং, সৌদি আরবের জনগণের সরকারবিরোধী আন্দোলনের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- Hive Detect
- Rumor Scanner’s own analysis


