জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ৮ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন ৩ শিক্ষার্থী। গত ১১ এপ্রিল বিকেলে প্রায় ৭২ ঘন্টা পর একাধিক শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে অনশন ভাঙেন তারা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনশনরত এক শিক্ষার্থীর জুস খাওয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখে রিউমর স্ক্যানার।
ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, প্রচারিত এই ছবিগুলো ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এমনভাবে উপস্থাপন করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন সংবলিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে অনশনকারী শিক্ষার্থীদের একজনের অনশন চলাকালীন জুস খাওয়ার ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ছবিগুলো যেহেতু সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হিসেবে উপস্থাপন করা হয়েছে সেহেতু এ ঘটনার সিসিটিভি ফুটেজ থাকাটা স্বাভাবিক। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এমন কোনো ভিডিও ফুটেজের সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে দাবিটির বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিগুলো সূক্ষ্মভাবে পর্যালোচনায় ছবিগুলোতে কিছু সূক্ষ্ম এআইজনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। প্রচারিত ছবি দুটির একটিতে অভিযুক্ত যুবকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি অস্বাভাবিক লম্বা দেখতে পাওয়া যায়। পাশাপাশি একই হাতের বাকি আঙ্গুলগুলোর গঠনের ক্ষেত্রেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। যা সাধারণত এআই দিয়ে তৈরি ছবির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়।
ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করলে দেখা যায়, ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
পাশাপাশি ছবিগুলোর বিষয়ে অধিকতর অনুসন্ধানে জানা যায়, ছবিগুলো গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিগুলো সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সুতরাং, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে অনশনকারী শিক্ষার্থীদের একজনের অনশন চলাকালীন জুস খাওয়ার ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Hive Detect
- SynthID
- Rumor Scanner’s Analysis


