চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের হামলায় ইসরায়েলীদের কফিনের স্তূপ দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসরায়েলীদের কফিনবন্দী লাশের ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়৷ প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি পুরোনো একটি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভুয়া ছবিটি সাম্প্রতিক সময়ে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ২০২৫ সালের ৯ জুলাই ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়।
ভিডিওটি বিশ্লেষণ করলে বেশ কিছু বিষয় চোখে পড়ে, যা থেকে প্রতীয়মান হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
প্রথমত, কফিনগুলো প্রায় একই ধরনের ভাঁজ করা কাপড় দিয়ে ঢাকা এবং খুব নিয়মিত একটি প্যাটার্নে সাজানো। বাস্তব পরিস্থিতিতে সাধারণত এমন একরকম প্যাটার্ন দেখা যায় না।
এ ছাড়া কফিনগুলোর দৃষ্টিকোণেও কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। কয়েকটির কোণ ও অবস্থান বাস্তবসম্মত মনে হয় না।
আরও একটি বিষয় হলো, কফিনগুলোর মধ্যকার দূরত্ব অস্বাভাবিকভাবে কম এবং প্রায় একই রকমভাবে রাখা। এসব বিষয় মিলিয়ে বোঝা যায়, ভিডিওটি বাস্তব কোনো দৃশ্যের নয়; বরং কৃত্রিমভাবে তৈরি করা একটি ছবি।
এছাড়া, এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে প্রচারিত ভিডিওটি বিশ্লেষণে এটি প্রায় ৯৪ শতাংশ এআই দিয়ে তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে।
সুতরাং, ইরানের হামলায় নিহত ইসরায়েলিদের কফিনের স্তূপ দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- BORDO Bereliler-YÖRÜK: Facebook Video
- Rumor Scanner’s Analysis


