ড. ইউনূসের বাড়িতে অগ্নিকাণ্ড দাবিতে এআই ছবি প্রচার

সম্প্রতি, ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

একই ছবিটি চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে ছাত্রলীগের কর্মীদের ভাঙচুর ও অগ্নিসংযোগের দাবিতেও প্রচার করা হয়। উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি পর্যালোচনা করে ছবির নিচের ডানকোণে গুগলের এআই অ্যাসিস্টেন্ট জেমিনির লোগো দেখতে পাওয়া যায়। যা সাধারণত উল্লিখিত এআই প্রযুক্তি ব্যবহার করে কোনো ছবি তৈরি বা সম্পাদনা করে থাকলে সেগুলোতে ওয়াটারমার্ক হিসেবে উপস্থিত থাকে।

প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

এছাড়াও আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ ছবিটি পরীক্ষা করলেও দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

পরবর্তীতে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে অগ্নিকাণ্ডের দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • SynthID
  • Hive Detect
  • Rumor Scanner’s Analysis
Share: