শিক্ষকদের জ্বালানি তেল সংগ্রহের সময়সূচি দাবিতে এআই-তৈরি ছবি প্রচার

চলমান জ্বালানি সংকটের জন্য দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন জনগণ। এরই প্রেক্ষিতে, সম্প্রতি একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবিটিতে একটি ব্যানারে লিখা রয়েছে, শিক্ষকদের জন্য তেল দেওয়ার সময়সূচি।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষকদের তেল দেওয়ার সুনির্দিষ্ট সময়সূচি সংবলিত ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি কাল্পনিক ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে।

শুরুতে শিক্ষকদের তেল দেওয়ার সময়সূচি দেশের কোনো পেট্রোল পাম্প গ্রহণ করেছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু, অনুসন্ধানে এমন কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। 

তবে, গত ২৮ মার্চ ইত্তেফাকে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে `এখন থেকে প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম প্রতিদিন সকাল ৭টায় শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়।’

উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ওয়েবসাইটেও পাওয়া যায়। প্রেস বিজ্ঞপ্তিটি বিশ্লেষণ করে দেখা যায়, প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে জ্বালানি পণ্য সরবরাহের সময়সূচি উল্লেখ থাকলেও সাধারণ গ্রাহক, শিক্ষক বা অন্য কোনো পেশাজীবীদের জন্য আলাদাভাবে তেল সংগ্রহের কোনো সময়সূচির উল্লেখ নেই।

পরবর্তীতে প্রচারিত ছবিটি একাধিক এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, ছবিটি প্রায় শতভাগ এআই হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সুতরাং, শিক্ষকদের তেল দেওয়ার সময়সূচির দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: