১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মিছিলের দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মিছিল’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাবিতে ছাত্রলীগের মিছিল দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় সাতাত্তর শতাংশ।
এছাড়া, উক্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজে গত ১৮ মার্চ আলোচিত দাবিতে একটি ফটোকার্ডটি পোস্ট করা হয়।
‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’
এছাড়াও, পেজটিতে একই ধরনের আরও বহু ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া গেছে। এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়, আলোচিত দাবিটি মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবে তৈরি ও প্রচার করা হয়েছে।
সুতরাং, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাবিতে ছাত্রলীগের মিছিল দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত৷
তথ্যসূত্র
- Hive Detect – Website
- GojobVision – Facebook Post
- Rumor Scanner’s Analysis


