রুমিন ফারহানা স্পিকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দাবিতে ছড়াচ্ছে এআই ছবি 

সম্প্রতি, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দাবিতে যমুনা টিভির একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

উক্ত দাবিতে ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং দাবিটিও সঠিক নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি দিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে যমুনা টিভির লোগো থাকার সূত্র ধরে অনুসন্ধানে গণমাধ্যমটির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি যমুনা টিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স সার্চ এবং কি-ওয়ার্ড সার্চ করে ফটোকার্ডে থাকা ছবিটি বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।

প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কিনা তা জানতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে ছবিটি এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, রুমিন ফারহানা স্পিকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দাবিতে প্রচার হওয়া ফটোকার্ডটি ভুয়া এবং ফটোকার্ডে থাকা ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • Ai Detection Tool
  • Rumor Scanner’s analysis 
Share: