সম্প্রতি, ‘জনসমুদ্রে রুপ নিয়েছে আওয়ামিলীগ নেতাকর্মীদের উপস্তিতিতে, মিছিল শেষে চত্বরের মাঝখানে বিশাল নৌকা রেখে প্রতিবাদ করা হয়েছে’ ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশাল নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগের রাস্তা আটকে প্রতিবাদ সমাবেশের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
স্বাভাবিকভাবেই, দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এভাবে প্রতিবাদ সমাবেশ করলে বিষয়টি গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমন শহরের রাস্তার মাঝে নৌকা সদৃশ একটি ভাস্কর্য দেখা যায়, যা বর্তমানে দেশের কোনো শহরের রাস্তায় নেই। এছাড়া ছবিতে একটি ব্যানার লক্ষ্য করা যায় যেটি পর্যবেক্ষণ করে ফটোশপের সহায়তায় তৈরি বলে প্রতীয়মান হয়।
ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর মাধ্যমে ছবিটি পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৪ শতাংশ।

সুতরাং, এআই-নির্মিত ছবিকে আওয়ামী লীগের রাস্তা আটকে প্রতিবাদ সমাবেশ করেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: AVSRDD (2025)


