ফয়সাল মাসুদ ও তার সহযোগী আটক হওয়ার ঘটনায় একাধিক এআই ছবি প্রচার

গত ৭ মার্চ বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় পরিচালিত এক অভিযানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেন দেশটির পুলিশের হাতে আটক হয়। এর প্রেক্ষিতে তাদের থানায় নিয়ে যাওয়ার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রচারিত হতে দেখা যায়।  

ফেসবুকে প্রচারিত এমন ছবিগুলো দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনের আটক হওয়ার ঘটনায় ফেসবুকে প্রচারিত উল্লিখিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

আলোচিত ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে হাদি হত্যার আসামিদের আটকের কোনো ছবির সন্ধান পাওয়া যায়নি। তাই প্রচারিত ছবিগুলো সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় ছবিগুলোতে এআই জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। প্রথম ছবিটিতে আলমগীর হোসেনের পরিহিত সোয়েটারের হাতায় কালো রঙের স্ট্রাইপটি লক্ষ্য করা না গেলেও পরের দুটি ছবিতে তার সোয়েটারের হাতায় সেটি দেখতে পাওয়া যায়। এছাড়াও প্রথম দুটো ছবিতে তাদের হাত সামনে দিকে রেখে হ্যান্ডকাফ পড়ানো থাকলেও শেষের ছবিটিতে তাদের হাতগুলো পেছনের দিকে দেখতে পাওয়া যায়। পাশাপাশি ছবিগুলোর পারিপার্শ্বিক বিষয়বস্তুগুলোতেও অস্বাভাবিকতা খেয়াল করা যায়।

পরবর্তীতে ছবিগুলোর সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে 12মায়া বিনোদন নামের একটি ফেসবুক পেজে একই ছবিগুলো প্রথম প্রচারিত হতে দেখা যায়। পোস্টগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে। আলোচিত এই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করলে দেখা যায়, ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ

এছাড়াও 12মায়া বিনোদন নামের পেজটি পর্যালোচনা করে দেখা যায়, পেজটির বায়োতে উল্লেখ করা হয়েছে এই পেজটিতে প্রচারিত প্রতিটি কনটেন্ট-ই এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

সুতরাং, ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনের আটক হওয়ার ঘটনায় প্রচারিত ছবিগুলো এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • Hive Moderation
  • Rumor Scanner’s Analysis
Share: