সংসদে মানসুরা আলমের সাথে নাহিদ ইসলাম ও মাহমুদা মিতুর এআই-তৈরি ছবি প্রচার

সম্প্রতি, ‘মানসুরা খালার সাথে এটা এক্কেবারে অন্যায় হয়েছে’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ছবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুকে নাকে হাত দেওয়া অবস্থায় সংরক্ষিত নারী আসনে এমপি ছাত্রদল নেত্রী মানসুরা আলমের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ডা. মাহমুদা আলম মিতুর ফেসবুক অ্যাকাউন্টে গত ৫ মে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে সংযুক্ত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির অনেকাংশে মিল রয়েছে। তবে উক্ত ছবিতে নাহিদ ইসলাম এবং মাহমুদা মিতুকে নাকে হাত দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়নি।

প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে পারিপার্শ্বিক পরিবেশ ও ছবিতে থাকা ব্যক্তিদের মুখাবয়বে কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে দেখা যায়, ছবিটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়।

সুতরাং, সংসদে মানসুরা আলমের সাথে নাহিদ ইসলাম ও মাহমুদা মিতুর ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: