ডাকসু নেতা মোসাদ্দেকের সাথে উমামা ফাতেমার বিয়ে হয়নি; প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি 

সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমার সাথে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে দুইজন দম্পতি।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উমামা ফাতেমার সাথে ডাকসু নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ দম্পতি নন এবং প্রচারিত ছবিটিও বাস্তব নয়। প্রকৃতপক্ষে, উমামা ফাতেমার এখনো বিয়ে হয়নি বলে তিনি জানিয়েছেন এবং প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি উমামা ফাতেমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ থাকলেও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ফেসবুক অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এছাড়া, একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে আলোচিত ছবিটি যাচাই করে দেখা যায়, প্রচারিত ছবিটি ৯৯.৯ শতাংশ এআই দিয়ে তৈরি সম্ভাবনা দেখাচ্ছে।

পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমার সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, তিনি অবিবাহিত।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবি দিয়ে উমামা ফাতেমার সাথে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের বিয়ে হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Musaddiq Ali- Facebook Account
  • Hive Detect Analysis
  • Hive Moderation Analysis
  • Umama Fatema- Statement
Share: