সম্প্রতি, বাংলাদেশের সবচেয়ে লম্বা দাড়িওয়ালা ব্যক্তি দাবিতে একজন বৃদ্ধ ব্যক্তির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যও খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখতে পাওয়া যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
তবে, গণমাধ্যম সূত্রে জানা যায়, কুষ্টিয়ার বাসিন্দা মাহতাব উদ্দিন লাদেনের (৭০) দাঁড়ি দৈর্ঘ্যে ৬ ফুট লম্বা। তার দাবি- এতো লম্বা দাড়ি বাংলাদেশে অন্য কোনো ব্যক্তির নেই। লম্বা দাড়ির কারণে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
সুতরাং, বাংলাদেশের সবচেয়ে লম্বা দাড়িওয়ালা মানুষ দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত।
তথ্যসূত্র
- Hive Detect
- Rumor Scanner’s Analysis


